অন্ত্রের ক্যান্সার ধরা পড়ার পর স্যার রিচার্ড হ্যাডলির লিভারেও ক্যান্সার সনাক্ত করেছেন চিকিৎসকরা। দ্রুততম সময়ে তাই তাকে আরেকবার অপারেশন টেবিলে যেতে হচ্ছে।
এর আগে জুন মাসে হ্যাডলির পেট থেকে টিউমার অপসারণ করা হয়।
৬৬ বছর বয়সী হ্যাডলি নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। আশির দশকে সেরা চার ফাস্ট-বোলিং অলরাউন্ডারদের একজন তিনি। সেই সময় ইমরান খান, ইয়ান বোথাম, কপিল দেব এবং হ্যাডলি তুখোড় পেস-বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন।
এক বিবৃতিতে হ্যাডলির স্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় দফার ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে।
কিংবদন্তি এই ক্রিকেটারের টেস্টে ৪৩১টি উইকেট রয়েছে। তার অবসরের সময় যেটি ছিল বিশ্বরেকর্ড। ৮৬ ম্যাচে রান ৩১২৪। বিশ্বক্রিকেটে পরাশক্তি হিসেবে নিউজিল্যান্ডের আবির্ভাব তার হাত ধরেই।
১৯৯০ সালে তার শেষ ইংল্যান্ড সফরের সময় ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতি হিসেবে নাইট উপাধিতে ভূষিত হন।







