সিনেপ্লেক্স এর আলো জ্বলে উঠতে পূর্ণ মিলনায়তনে ৬ ফুট ২ ইঞ্চির শরীরটা ঠিক চোখে পড়ে। বয়স ৫৫। অথচ এখনো দারুণ সজীব তিনি। তার নিজের জগতের দারুণ চেনা মুখ। খেলোয়াড়ি ভুমিকা পাল্টেছেন ঠিকই তবে খেলার সঙ্গে আছেন। বাংলাদেশের এ মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় খেলার সঙ্গে তার সংযুক্তি। খেলাটি ক্রিকেট।
বসুন্ধরা সিনেপ্লেক্সের ৪ নং অডিটরিয়ামে স্বপরিবারে সিনেমা দেখতে এসেছেন আর কেউ নন বাংলাদেশ ক্রিকেটের তারকা মুখ আতাহার আলী খান। যিনি ধারাভাষ্যে বাংলাদেশর বর্তমান সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক মুখ। সিনেমা নিয়মিত দেখেন নাকি স্ত্রীর ভাইয়ের নির্মাণ বলে দেখতে আসা? তিনি বললেন, নিয়মিত দেখা হয়ে ওঠে না। সময়ের অভাবে। তবে তৌকীর ভাইয়েরটা দেখি নিয়মিত। স্ত্রীসহ। তার শেষ দুটো চলচ্চিত্র দেখেছি ছেলে আর মেয়েসহ। ওরা মামাকে খুব পছন্দ করে। মামার ছবিও পছন্দ করে।
আতাহার আলী খান এর ২ ছেলে ও ১ মেয়ে। স্ত্রী ফারিয়া আতাহার খান নির্মাতা তৌকীর আহমেদের ছোট বোন। দুই ছেলে ওমর এবং আদিল পড়ছে সানবীম স্কুলে। মেয়ের নাম পিয়া। যদিও মেয়ে মামার সিনেমা দেখতে আসতে পারেনি। চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় ফ্রেমবন্দী হন আতাহার আলী খান। স্ত্রী, দুই ছেলে এবং শ্বাশুড়ি অর্থ্যাৎ তৌকীর আহমেদের মা জোবায়রা আহমেদসহ।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স চলচ্চিত্র হালদা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে পরিচালক তৌকীর আহমেদ ও তারস্ত্রী অভিনেত্রী বিপাশা হায়াত উপস্থিত ছিলেন। হালদা‘ চলচ্চিত্রের প্রযাজক, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অভি কথাচিত্রের পরিবেশনায় ১ ডিসেম্বর সারাদেশের ৯০ টি সিনেমা হলে প্রদর্শিত হবে।








