মৌসুমটা মোটেও পক্ষে যাচ্ছে না বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর স্প্যানিশ জায়ান্টদের হতাশা দেখা দিয়েছে ইউরোপা লিগেও। লা লিগায় জয় পেতেও ভুগছে কাতালান ক্লাবটি। এবার হারের বৃত্ত ভেঙে স্বরূপে ফিরতে চান কোচ জাভি হার্নান্দেজ।
লা লিগায় বৃহস্পতিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামার আগে দলের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন জাভি। ড্রেসিংরুমের পরিস্থিতি এবং মৌসুমের লক্ষ্য নিয়েও শিষ্যদের বার্তা দিয়েছেন বার্সা কোচ।
ইউরোপা লিগ থেকে বিদায় নেয়ার পর ঘরের মাঠে কাদিজের কাছে হার এখনও মানতে পারছেন না এই স্প্যানিশ কোচ। তিনি বলেছেন, ‘অনেক খারাপ লাগছে। আমাকে বাস্তবতার মুখোমুখি হতে হবে। কিন্তু যা বিশ্বাস করি তা পরিবর্তন করব না।’
নিজেদের সফলতার কথা উল্লেখ করে বার্সা বস বলেছেন, ‘স্পেনের বড় দলগুলোকে হারিয়েছি। প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে এটি করতেই হবে। লিগে কাদিজের বিপক্ষে হারের আগে আমরা ভালো অবস্থায় ছিলাম। কিন্তু এটাই আমাদের গুণ।’
কাদিজের কাছে হারের পর লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে বার্সার ব্যবধান বেড়েছে ১৫ পয়েন্টে। টেবিলে সমান ৬০ পয়েন্ট নিয়ে বার্সার সাথে আছে সেভিলা, অ্যাটলেটিকো মাদ্রিদও। তুমুল লড়াই হবে জানলেও জাভির লক্ষ্য লিগের দ্বিতীয় স্থান এবং ইউরোপ সেরার মঞ্চ নিশ্চিত।
‘দ্বিতীয় হওয়া আমাদের লক্ষ্য। আমাদের পূনর্গঠন করতে হবে। সমর্থকদের বিশ্বাস করাতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা করতে হবে।’







