ঢালিউডের টপমোস্ট নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে এখন গুঞ্জন। সেই গুঞ্জনকে তোয়াক্কা না করে ঈদের পরই হানিমুনে যাচ্ছেন চিত্রনায়িকা মাহি।
এরইমধ্য হানিমুনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ‘অগ্নি’ খ্যাত এ নায়িকা। ঈদের পর বর পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন তিনি। টানা দুইমাস যুক্তরাষ্ট্রে থাকার সব প্রস্তুতিও প্রায় শেষ করেছেন মাহি-অপু দম্পতি। 
এদিকে চলতি মাসের ১ তারিখ শুরু হবার কথা ছিল মাহির নতুন ছবি ‘পলকে পলকে তোমাকে চাই’র শুটিং। এতে তিনি আবারো জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পির সঙ্গে। কিন্তু এখনো ছবিটির শুটিং শুরু করতে পারেননি ছবিটির নির্মাতা। 
জানা যায়, চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত এই ছবিটিতে শিডিউল দিয়ে রেখেছেন মাহি। এই ছবিটি কিছুদিন দেরিতে শুরু হলেও ছবিটির শুটিং শেষ করেই আমেরিকায় উড়াল দেবেন মাহি।
জনপ্রিয়তার শীর্ষে থাকা মাহি গত ১৭ মে ঘর বেঁধেছেন সিলেটের ছেলে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে। তবে মাহি-অপুর বিবাহত্তোর সংবর্ধনার মূল আয়োজন হবে আরো দু’মাস পরে।







