জেতা সম্ভব হোক না হোক, ম্যাচ বাঁচানো সম্ভব ছিল নিশ্চিতভাবেই। সেজন্য ব্যাটসম্যানদের দেখাতে হত দৃঢ়তা। যার ছিটেফোঁটাও দেখা যায়নি মাঠের খেলায়। উল্টো মুড়িমুড়কির মত উইকেট পড়েছে বাংলাদেশের। যাতে ভীষণ হতাশ মুশফিকুর রহিম। এমন হারের জন্য ‘ক্ষমা’ও চেয়েছেন টেস্ট অধিনায়ক।
পচেফস্ট্রম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রানে গুটিয়ে ৩৩৩ রানে হারের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। সোমবার শেষদিনে সম্ভাব্য ৯৮ ওভার টিকে থাকলে ড্র আনা সম্ভব ছিল, সফরকারীরা টিকতে পেরেছে মাত্র ১৭.১ ওভার। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে সেটি নিয়ে হতাশার কথা বললেন মুশফিক।
‘আমাদের ব্যাটিং ছিল খুবই হতাশাজনক। বাংলাদেশ শেষ কবে ঠিক এমন ব্যাটিং করেছে, নিজেই ভুলে গেছি। শেষ কবে একশর নিচে অলআউট হয়েছে, মনে করতে পারছি না। খুবই হতাশ লাগছে।’
মুশফিক অবশ্য জয়-পরাজয় নিয়ে ভাবছেন না। খেললে জয়-পরাজয়ের দুটো ঘটনার একটি ঘটবেই। মুশফিককে আদতে পোড়াচ্ছে এমন অসহায় আত্মসমর্পণের বিষয়টি।
‘ম্যাচ বাঁচানো অবশ্যই খুব কঠিন হত। তবে অন্তত দুই সেশন খেলার সামর্থ্য তো আমাদের আছে। হারারও তো অনেক ধরন থাকে। অধিনায়ক হিসেবে, ব্যাটসম্যান হিসেবে, কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না। খুব হতাশ, খুব খারাপ লাগছে। এমন হারের জন্য জাতির কাছে ক্ষমা চাইছি।’








