সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আকস্মিক এক সফরে মস্কো গেছেন। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এটা স্পষ্ট না যে, আসাদ এখনো মস্কোতে আছেন নাকি দামেস্কে ফিরেছেন।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মঙ্গলবার একটি পরিদর্শন কাজে আাসাদ মস্কো এসেছেন এবং পরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
পেসকভ আরো বলেন, দুই নেতা জঙ্গি, রুশ বিমান হামলা ও আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। আর সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ২০১১ সালে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।
সিরিয়াকে বন্ধু উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় তারা শুধু সামরিক নয়, রাজনৈতিক প্রক্রিয়ায়ও সাহায্য করতে প্রস্তুত।
গত মাসের শেষ দিক থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে রাশিয়া। পুতিন বলেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও বাসারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত অন্যান্য বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, আইএস নয়; শুধু মাত্র আসাদ বিরোধীদের ওপর হামলা করছে রুশ যুদ্ধ বিমান।






