বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল আবারও মন্ত্রিসভায় ফিরছেন – সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি স্ট্যাটাস পোস্ট হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার নামে থাকা একটি পেজে।
তবে একে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন তাজউদ্দিন আহমদের মেয়ে, সোহেল তাজের বোন ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
শেখ রেহানার নামে পরিচালিত ফেসবুক পেজের পোস্টটিতে লেখা হয়েছে,’মন্ত্রিসভায় ফিরছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তাজউদ্দীন আহম্মদ (বঙ্গতাজ)-এর সুযোগ্য সন্তান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ!!’
এই ফেসবুক পেজটির সূত্র ধরে সোহেল তাজের মন্ত্রিসভায় ফিরে আসার খবর বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তবে, ওই পেজটিই আসলে ভুয়া। শেখ রেহানা নিজে বা তার পক্ষে কেউ এরকম পেজ পরিচালনা করেন না।
সিমিন হোসেন রিমি এ ব্যাপারে চ্যানেল আই অনলাইনকে জানান, তার কাছে এমন কোন তথ্য আসেনি। ‘এ ধরণের কোন যোগাযোগই হয়নি। সোহেল তো আমার সঙ্গেই থাকে। সে এসব ব্যাপারে সবকিছু আমাকে বলে। এমন কিছু হলে অন্তত আমি জানতাম। আমি যতটুকু জানি, আপাতত এমন কোনো ইচ্ছা বা পরিকল্পনা তার নেই।’

সিমিন হোসেন নিশ্চিত করে বলেন, মন্ত্রিসভায় যোগ দেয়ার মতো গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটলে সোহেল তাজ অবশ্যই সেটি নিজেই ফেসবুকে দিতেন।
আপাততঃ বা অদূর ভবিষ্যতে সোহেল তাজের আবার দলে বা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন তাজের বোন।
তাজউদ্দীন আহমদের সবচেয়ে ছোট ছেলে সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। কিন্তু একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে সোহেল তাজ পদত্যাগ করেন। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।
মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর সোহেল তাজের আবারও মন্ত্রিসভা এবং দলের গুরুত্বপূর্ণ পদে ফিরে আসা নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরণের গুঞ্জন শোনা গেছে। তবে সেগুলো শেষ পর্যন্ত আর বাস্তব হয়নি।

এখন শেখ রেহানার নামে খোলা ভুয়া পেজ থেকে আরো একবার তার মন্ত্রিসভায় ফেরার গুজব ছড়ানো হয়েছে।








