বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পতাকা বৈঠক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আশা করেছেন এর মাধ্যমে সীমান্তে উত্তেজনা কমে আসবে।
সকালে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সরকার জানিয়েছে বাংলাদেশে থাকা রোহিঙ্গারা ফিরে আসবে এমন সংবাদে সীমান্ত রেখায় সেনা মোতায়েন করেছে তারা। নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে কাটাতারের বেড়া ঘেষে তাবু টাঙ্গিয়ে অবস্থান নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ। জিরো পয়েন্টে থাকা ৫ হাজার রোহিঙ্গাকে সরে যেতে নির্দেশ দিয়েছে তারা।
শুক্রবার দুপুর তিনটায় ঘুমধুম বিজিবি ক্যাম্পে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের হুমকি এবং অতিরিক্ত সৈন্য সমাবেশ করা হয় বলে জানান বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান।
শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে নির্দেশ দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দাদের মাঝেও।








