সিরিয়ায় আলেপ্পোর একটি হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ১৪ জন রোগী এবং ৩ জন চিকিৎসক নিহত হয়েছে বলে জানিয়েছে দাতব্য প্রতিষ্ঠান মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। আল-কুদস নামের ওই হাসপাতালে বিমান হামলায় আলেপ্পোর সর্বশেষ শিশুরোগ বিশেষজ্ঞও নিহত হয়েছেন বলে জানিয়েছে এমএসএফ।
তবে মার্কিন নাকি রুশ বিমান থেকে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি আলেপ্পোর হাসপাতালটির পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি।
কিন্তু বিবিসি’র সিরিয় সংবাদদাতাদের মতে সিরিয় সরকার কিংবা রাশিয়া এই হামলা চালিয়েছে।
রাশিয়ার সহায়তায় আলেপ্পোর গুরুত্বপূর্ণ অংশ সরকারি বাহিনী দখলে নেয়ার খবরের পরই এই বিমান হামলার ঘটনা ঘটলো।
২০১১ সালে সিরিয়া সংঘাত শুরুর পর থেকে এযাবৎ প্রায় ২ লাখ ৭০ হাজার সিরিয় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।







