প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসিয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার ৬-০ গোলে জিতেছে কোচ হোর্হে সাম্পাওলির শিষ্যরা।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে গোল ছয়টি এসেছে ভিন্ন ভিন্ন ছয় খেলোয়াড়ের থেকে। ফ্যাজিওর গোলে শুরুর পর একে একে স্কোরশিটে নাম লেখান কোর্রেয়া, গোমেজ, প্যারিডেস, অ্যালারিও এবং ডি মারিয়া।
বিশ্বকাপ বাছাইপর্বে দুঃসময়ের আবর্তে থাকা আর্জেন্টিনা নতুন কোচ সাম্পাওলির অধীনে জয়ে শুরু করেছে গত শুক্রবার। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তারা।
এদিন অধিনায়ক মেসিকে ছাড়াই নামে আর্জেন্টিনা। পুরো দলের চেহারাতেই ছিল অনিয়মিতদের অবগাহন। প্রথম গোলটি পেতে অবশ্য ম্যাচের ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গোমেজের কর্নার থেকে ভেসে আসা বলে সেন্টারব্যাক ফেদেরিকো জুলিয়ান ফ্যাজিও প্রতিপক্ষের জালমুখ খোলেন।
ছয় মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এবারের গোলদাতা কার্লোস জোয়াকুইন কোর্রেয়া। কর্নার থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় সেটির নিয়ন্ত্রণ নিয়ে কোর্রেয়ার দিকে ঠেলে দেন পাওলো দিবালা। তা থেকে নিচু শটে দ্বিতীয় গোলটি এনে দেন কোর্রেয়া।
আর্জেন্টিনার তৃতীয় গোলটি আসে মধ্যবিরতির পর। ম্যাচের ৬০ মিনিটে পোস্টের ২৫ গজ দূর থেকে দর্শনীয় ড্রিবলের পর জাল খুঁজে নেন আলেজান্দ্রো ডারিও গোমেজ।
ম্যাচের ৭৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান লিয়েনার্দো ড্যানিয়েল প্যারিডেস। ১৮ গজী শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।
আলবিসেলেস্তাদের গোলের নেশা তখনো থামেনি। ৯০ মিনিটে সেটি গোল উৎসবে পরিণত করেন লুকাস নিকোলাস অ্যালেরিও। ডি মারিয়ার হেডে বল পেয়ে দলের পঞ্চম গোলটি করে উৎসবে নাম লেখান অ্যালেরিও।
সিঙ্গাপুরের জালে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যাঙ্গেল ডি মারিয়া। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফার্নান্দেজের বাড়ানো বলে বক্সে বল পেয়ে ফাঁকা জালে জড়িয়ে ম্যাচের সমাপ্তি টানেন ডি মারিয়া।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রীতি লড়াইয়ে গত শুক্রবার গ্যাব্রিয়েল মের্কাদোর একমাত্র গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে নামার আগে শেষ ৬ ম্যাচে তিনটিতেই হার দেখতে হয়েছিল আলবিসেলেস্তাদের। দলের বাজে অবস্থার কারণে বরখাস্ত হয়েছিলেন সাম্পাওলির পূর্বসূরি এগার্ডো বাউজা। সাম্পাওলি দায়িত্ব পেয়েই ইঙ্গিত দিলেন দলকে বদলে দেওয়ার। টানা দুই ম্যাচে জয়ে সেরে রাখলেন বাছাইপর্বের প্রস্তুতিটা।
সাম্পাওলির আসল কাজটা যে সামনে পড়ে আছে। বিশ্বকাপ বাছাইপর্বে ধুঁকে লাতিন টেবিলের পাঁচে আছে আর্জেন্টিনা। শেষ চারটি ম্যাচ তাদের জন্য বাঁচা-মরার লড়াই। আগামী আগস্টে মাঠে গড়ানো বাছাইপর্বেই তাই আসল পরীক্ষা আলবিসেলেস্তাদের নতুন কোচের।







