‘একটু বিশ্বাস করবেন না ভাবি আমার মাথা খারাপ। আমাকে বেঁচে থাকার জন্য এই নাটক করতে হয়েছে।’ বললেন রাবেয়া সুলতানা রুবি। আজ ১৯ আগস্ট শনিবার দুপুরে তিনি আবার ফেসবুক লাইভে আসেন। চিত্রনায়ক প্রয়াত সালমান শাহ্ হত্যা মামলার অন্যতম আসামী তিনি।
সালমান শাহ্র মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে রুবি বলেন, ‘সামিরা বা আমার স্বামী যদি আপনাদের কোনো কাগজপত্র হাসপাতাল থেকে দেয়, তাহলে আপনারা বিশ্বাস করবেন না। তখন বলবেন রুবিরে নিয়ে আসো। কারণ ওরা যেভাবে চাল চালিয়েছে, ওদের কথা বিশ্বাস করবেন না।’
নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে রুবি আরও বলেন, ‘আমারে নিয়ে যান ভাবি, আমি রাজসাক্ষী হব। আর আমার মাথা খারাপ কিনা আপনাদের পরিচিত ঢাকার কোনো ডাক্তার দিয়ে সেটা পরীক্ষা করতে পারেন। আপনি একটু বিশ্বাস করবেন না আমার মাথা খারাপ। আমার মাথা একটুও খারাপ না।’
রুবি জানালেন তিনি সেখানে অবৈধ ভাবে আছেন। বললেন, ‘আমার মাথা খারাপ না ভাবি। আমার মাথা সুস্থ আছে। আমার পাসপোর্ট নেই, সিটিজেনশিপের কাগজ নেই, পুলিশের কাছেও যেতে পারি না।’

এদিকে গত ৯ আগস্ট সকালে আরেকটি ভিডিও বার্তায় নিজের বক্তব্য থেকে সরে দাঁড়ান রুবি। তখন তিনি বলেন, ‘সালমান শাহ্কে খুন করা হয়েছে, নাকি সে আত্মহত্যা করেছে, তা আমি জানি না। ওই দিন আমার মাথা ঠিক ছিল না। আমি ভীত ছিলাম, তাই বলেছি।’ আর তার স্বামী চীনা নাগরিক জ্যানলিন চ্যানের জড়িত থাকার ব্যাপারে বললেন, ‘আমার স্বামীর ব্যাপারে আমি কিছু জানি না।’ রুবি এখন আছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়, তার নিজের বাসায়। সেখান থেকে সালমান শাহ্র মৃত্যু নিয়ে তার দেওয়া একের পর এক ভিডিও বার্তা বেশ আলোচিত হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। ১১/বি নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহম্মদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন।








