সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সামজিক সুরক্ষা বলয় বাড়ানোর অঙ্গীকার করা হয়েছে। একইসঙ্গে সামজিক নিরাপত্তা কৌশলপত্র প্রণয়নের কথাও বলা হয়েছে। এতে বয়স্কভাতা ভোগীর সংখ্যা বৃদ্ধিসহ বাড়ানো হবে প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তির হারও। অন্তর্ভূক্ত করা হয়েছে বৈষম্যের শিকার দলিত, হরিজন, বেদে ও হিজরাদের।
দারিদ্র ও ক্রমবর্ধমান বৈষম্য প্রতিরোধ করতে একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র।
২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ভাতা বৃদ্ধি, ক্ষুদ্র ঋণ কার্যক্রমসহ বেশকিছু পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
কৌশলপত্রে অতিদরিদ্র আর প্রতিবন্ধীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৫টি লাইফ সাইকেলের আওতায় আনা হচ্ছে। প্রতিটি লাইফ সাইকেলে দরিদ্র্য মানুষ নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। এছাড়াও এক ছাতার নিচে আনা হচ্ছে চলমান ১৪৫টি কর্মসূচিকে।







