জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির মেয়র প্রার্থী ফয়জুল কবীর তালুকদার শাহীন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রুহুল আমীন সেলিমের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুহুল আমীন সেলিম পৌরসভার আরামনগর বাজারে প্রচারনায় বের হলে বিএনপির প্রার্থী ফয়জুল কবীর তালুকদার শাহীনের সমর্থকরা বাঁধা দেয়। এ সময় দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক জানান, পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠি চার্জ করে।
দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় আরামনগর এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






