বর্তমান সরকারের ভয়াবহ দুর্নীতির কারণে দেশে চালের দাম বৃদ্ধি এবং খাদ্যসংকট সৃষ্টি হচ্ছে দাবি করে খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি।
শনিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপি’র ‘ভিশন-২০৩০ যুব সমাজের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন দাবি করেন।
‘বিএনপির অসাধু ব্যবসায়ীদের কারণে চালের দাম বাড়ছে’ খাদ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নিজের অযোগ্যতা, দুর্নীতি ও অদূরদর্শীতা আড়াল করতে তিনি অন্যের ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন। সরকারের দূরদর্শীতার অভাবে আজকে এই ভয়াবহ অবস্থা।
তিনি বলেন, বিএনপি’র সময় চালের দাম ১৭/১৮ টাকা হয়েছিল বলে তারা অনেক আন্দোলন করেছে। আর এখন চালের দাম ৬০-৭০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। মানুষের কষ্টের সীমা নেই। এজন্য সরকার দায়ী। তাই দায় স্বীকার করে খাদ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’
জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট মাহবুব উল্যাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং শওকত মাহমুদ। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব।
এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমার দেশ পরিবার’ আয়োজিত মানববন্ধনে গোটা বাংলাদেশ একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব দাবি করেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার কথা থাকলেও এ প্রতিষ্ঠানকে সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।







