সভা-সমাবেশ করার অনুমতি সরকারের দান নয়, বরং বিএনপির সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
এসময় তিনি বলেন: দেশে অগণতান্ত্রিক আচরণ এমন পর্যায়ে চলে গিয়েছে যে, একটি সমাবেশ নিয়ে অনেক নাটক চলে। অনুমতি দিতে গিয়ে কত রকম কথা বলা হয়! সরকারি দল একটি জনসমাবেশকে পর্যন্ত সহ্য করতে পারছে না।
তিনি বলেন: সমাবেশ করা সাংবিধানিক, নাগরিক অধিকার। এটা তো কারো দয়ার বিষয় না। এই বিষয়ে এতো আলোচনার কি আছে?
অন্যদিকে নূর হোসেন দিবস উপলক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন: সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সমাবেশে বাধা দেয়া হয়েছে। সভা-সমাবেশ করা রাজনৈতিক অধিকার। এটা সরকার বা পুলিশের দান নয়।
এসময় তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে বলে মন্তব্য করেন।
রিজভী বলেন: গণতন্ত্রের কন্ট্রোল সুইচ আওয়ামী লীগের হাতে থাকলে সেটাকে তারা যতই গণতন্ত্র বলুক আসলে এটি গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র। আমরা বহু দল, বহু মতের গণতন্ত্র চাই।
আওয়ামী লীগ যতো অপকৌশলই করুক না কেন, ১২ নভেম্বরের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করা হবে বলে জানান বিএনপির এই নেতা।








