ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের আশা জিইয়ে রেখেছিল শ্রীলঙ্কা। শুক্রবার সাউথ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নকে বাঁচিয়ে তুলতে চেয়েছিল তারা। অন্যদিকে আসর থেকে এরইমধ্যে বিদায় নেয়া প্রোটিয়াদের জন্য কেবল মর্যাদা রক্ষার ম্যাচ। সেই ম্যাচে লঙ্কানদের ৯ উইকেটে হারিয়ে বিদায়বেলায় একটু তাজা হল ফ্যাফ ডু প্লেসিসের দল। সেই সঙ্গে শ্রীলঙ্কাকে ডুবিয়ে বাংলাদেশকেও সুখবর দিল প্রোটিয়ারা!
সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালে ওঠাটা শ্রীলঙ্কার জন্য অনেক কঠিন হয়ে গেল। তবে লঙ্কানদের হারটা বাংলাদেশসহ ইংল্যান্ড ও পাকিস্তানের জন্য সুখবর বয়ে আনল।
সেমিফাইনালে উঠতে হলে শেষ দুটি ম্যাচে জিততেই হবে ইংল্যান্ডকে। ভারত ও নিউজিল্যান্ডকে হারালে ইংলিশদের সংগ্রহ হবে ১২। সেক্ষেত্রে অনেকটা হেসেখেলেই শেষ চার নিশ্চিত করতে পারবে ইয়ন মরগানের দল।
সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে গেলেও শেষ চারে ওঠার জন্য শ্রীলঙ্কার সামনে সুযোগ আছে। সেক্ষেত্রে কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে লঙ্কানদের। দেশটির শেষ চারে ওঠার সমীকরণটি তখন দাঁড়াবে এমন- শেষ দুটি ম্যাচেই জিততে হবে, শেষ দুটি ম্যাচে হারতে হবে ইংল্যান্ডকে এবং শেষ দুই ম্যাচের অন্তত একটিতে হারতে হবে বাংলাদেশ ও পাকিস্তানকে।
শ্রীলঙ্কার দেয়া ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করে ১৫ রানে আউট হয়ে যান কুইন্টন ডি কক। ১৬ বল খেলে লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হন প্রোটিয়া ওপেনার।
এরপর ম্যাচের হাল ধরেন হাশিম আমলা ও ফ্যাফ ডু প্লেসিস। সে হাল আর শেষ পর্যন্ত ছাড়েননি তারা। ১৭৫ রানের জুটি গড়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন দল জিতিয়ে।
পুরো বিশ্বকাপে এক রকম অন্ধকারে থাকা আমলা অসময়ে জ্বললেন। তাকে যোগ্য সঙ্গ দেন আসরজুড়ে দলের ব্যাটিং নেতৃত্ব দেয়া অধিনায়ক ডু প্লেসিস। ৫৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন আমলা। শেষ পর্যন্ত অবশ্য চার রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ১০৩ বলে ১০টি চার ও এক ছক্কায় ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি।
খুব একটা কম যাননি ডু প্লেসিসও। তিনি খেলেন অপরাজিত ৮০ রানের ইনিংস। ১০৫ বল মোকাবেলা করা প্রোটিয়া অধিনায়ক অবশ্য বাউন্ডারি মারার চেয়ে শট রানেই বেশি আগ্রহী ছিলেন। তার ৮০ রানের ইনিংসে মাত্র পাঁচটি চারের মার। ৭৬ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় সাউথ আফ্রিকা।
এর আগে শুরুতে ব্যাট করে শ্রীলঙ্কা। আগের ম্যাচে আয়োজক ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে চমক দিয়েছে লঙ্কাবাহিনী। কিন্তু এদিন ব্যাটিং বিপর্যয় কাটিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে বড় রান তুলতে পারেনি শ্রীলঙ্কা। প্রোটিয়া পেসারদের বিরুদ্ধে মাত্র ২০৩ রানে গুটিয়ে যায় তারা।
টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস। ম্যাচের প্রথম বলেই লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নকে ড্রেসিংরুমের রাস্তা দেখিয়ে প্রোটিয়াদের স্বপ্নের শুরু দেন কাগিসো রাবাদা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কাবাহিনী। শ্রীলঙ্কা ইনিংসের সর্বোচ্চ স্কোর ৩০। কুশল পেরেরা ও আভিষ্কা ফার্নান্দেজ দু’জনেই ৩০ রান করে করেন। এ দুজন ছাড়াও ধনঞ্জয়া ডি সিলভা ২৪ ও কুলশ মেন্ডিস ২৩ রান করেন।
সাউথ আফ্রিকার হয়ে ক্রিস মরিস ও প্রিটোরিয়াস তিনটি করে উইকেট নেন। রাবাদা নেন এক উইকেট।
সাত ম্যাচে দু’টি জয় পেয়ে শ্রীলঙ্কা টেবিলে সাত নম্বরে রয়েছে। তাদের পয়েন্ট ছয়। আর আট ম্যাচে দুই জয় পাওয়া গতবারের সেমিফাইনালিস্ট সাউথ আফ্রিকা পাঁচ পয়েন্ট নিয়ে থাকল আট নম্বরে। সাত ম্যাচে সমান তিনটি করে জয়-পরাজয়ে সাত পয়েন্ট নিয়ে পাঁচনম্বরে আছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে সমান জয়-পরাজয় থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় ছয়নম্বরে আছে পাকিস্তান।







