মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১৯ ফুটবলারকে চিরতরে হারানোর শোকে বিহ্বল ব্রাজিলীয় ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের দিকে সহানুভূতির হাত বাড়িয়েছে ফুটবল দুনিয়া। শ্যাপেকোয়েন্স’কে কোপা সুদামিরাকানার চ্যাম্পিয়ন ঘোষণা করেছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন, কনমেবল।
কনমেবলের এ সংক্রান্ত ঘোষণার পর সংবাদ সম্মেলন করে খবরটি নিশ্চিত করেছে শ্যাপেকোয়েন্স। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়নশিপের প্রাইজমানিও শ্যাপেকোয়েন্স পাবে।
কলম্বিয়ান ক্লাব অ্যাটলেটিকো ন্যাশিওনালের বিপক্ষে সুদামিরকানা কাপের ফাইনাল খেলতে মেডেনিল যাওয়ার পথে গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় নিহত হন শ্যাপেকোয়েন্সের ১৯ ফুটবলার। দুর্ঘটনায় মারা যান ২০ সাংবাদিকসহ বিমানের ৭৬ জন আরোহী।
এরপরই শ্যাপেকোয়েন্স’কে কোপা সুদামিরাকানার চ্যাম্পিয়ন ঘোষণার আবেদন জানায় ফাইনালের তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো ন্যাশিওনাল। এই উদারতার জন্য ন্যাশিওনালকে টুর্নামেন্টের ফেয়ার-প্লে ট্রফি দিয়েছে কনমেবল।






