ঐতিহাসিক টেস্টে বোলিংয়ের আমন্ত্রণ পেয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। হায়দরাবাদে শুরুতেই বল হাতে জ্বলে উঠেছেন তাসকিন আহমেদ। লোকেশ রাহুলকে সাজঘরে পাঠিয়ে প্রথম উইকেট এনে দিয়েছেন এই পেসার।
হায়দরবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে এক উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে স্বাগতিক ভারত। উইকেটে আছেন মুরালি বিজয় ৩৫ এবং চেতেশ্বর পূজারা ২৯ রানে।
প্রথম ওভারের চতুর্থ ডেলিভারিতে অফস্ট্যাম্পের অনেক বাইরের বলে ব্যাট ছোঁয়াতে যেয়ে কানায় লাগান লোকেশ রাহুল (২)। ব্যাটের ফেস অন সাইডে ছিল। বল কানা ছুঁয়ে পায়ে লেগে স্ট্যাম্পে চলে যায়।
ভারত এই মুহূর্তে আইসিসি টেবিলে টেস্টের নাম্বার ওয়ান দল। লাল-সবুজের প্রতিনিধিরা নয়ে। কাগজে-কলমে ভারত ফেভারিট থাকলেও বাংলাদেশ লড়াই করার আভাস দিয়েছে চোখে চোখ রেখে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুশফিকদের গুরু হাথুরুসিংহে বলে গেছেন এই ম্যাচে জয়ের জন্যই ঝাঁপিয়ে পড়বে তার শিষ্যরা।
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীমের জন্য এই ম্যাচটি ‘বিশেষ কিছু’ হতে পারে। ব্যাট হাতে আর ৭৮ রান করলেই ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ৫১ টেস্টের ৯৪ ইনিংসে ২৯২২ রান করেছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় তিনি।
বাংলাদেশের হয়ে ৩ হাজার রানের মাইলফলকে ইতিমধ্যে পা রেখেছেন হাবিবুল বাশার, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। শুধু তাই নয়; হায়দরাবাদ টেস্টে আর ৮টি ডিসমিসাল করতে পারলেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে একশ ডিসমিসালের মালিক হবেন তিনি।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং কামরুল ইসলাম রাব্বী।
ভারত একাদশ:
মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব এবং ইশান্ত শর্মা।







