এ বছর একুশে পদক পেয়েছেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা। নৃত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সম্মানে ভূষিত করা হয়। এ প্রাপ্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে তাকে সংবর্ধনা জানিয়েছে নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যাঞ্চল’, শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান। তারা দুজনই প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক।
‘আকাশ ভরা সূর্য তারা’ গানের সঙ্গে একটি সম্মিলিত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পী মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী রহমান, আতাউর রহমান, কবরী, লায়লা হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আমানুল হক, জিনাত বরকতউল্লাহ, ফেরদৌস, সাদিয়া আফরিন মল্লিক, ড. মহুয়া মুখোপাধ্যায়, কাজল ইব্রাহীম, ফাতেমা কাশেম, সুলতানা হায়দার, বেলায়েত হোসেন খান, আনিসুল ইসলাম হিরু, নিলুফার ওয়াহিদ পাপড়ী, বরকতউল্লাহ, পূর্ণিমা, নাশিদ কামাল, আঁখি আলমগীর, কবির বকুল, দিনাত জাহান মুন্নী, গাওসুল আলম শাওনসহ অনেকে।
আমন্ত্রিত অতিথিরা নীপাকে নিয়ে স্মৃতিচারণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ জাহাঙ্গীর ও শিবলী মোহাম্মদ।








