‘দ্য ওয়াকিং ডেড’ এবং ‘গেম অব থ্রোনস’ যেমন এখন জনপ্রিয় টিভি সিরিজ, তেমনই একটা সময় রাজত্ব করেছিল ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি।’ আঠারো’শ শতকের শেষ দিকে আমেরিকার মধ্যবিত্ত শ্রেণীর সংগ্রাম, পশ্চিমে বসতি স্থাপনের চেষ্টা, আনন্দ, বেদনা, প্রেম ও পরিবার নিয়ে তৈরি এই টিভি সিরিজটি ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’ মার্কিন শত শীর্ষ টিভি সিরিজের মধ্যে একটি। ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’ বাংলাদেশেও প্রচারিত হতো। ১৯৭৪ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এনবিসিতে প্রচারিত হয়েছিল সিরিজটি। ২০৫ পর্বের এই সিরিয়ালটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এখনও অনেক মানুষ ইউটিউবে সিরিয়ালটি দেখেন। দারুণ এই সিরিজটির পাঁচটি অজানা বিষয় জেনে নিন এখানে-
বাস্তবে মাইকেল ল্যানডনের চুল পাকা ছিল: মাইকেল ল্যানডন ‘লিটল হাউজ অন দ্য প্রেইরি’ সিরিজে চার্লস ইঙ্গলসের চরিত্রে অভিনয় করেছিলেন। সিরিজ চলাকালীন সময়ে চুল নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছিল তাকে। ২০ বছর বয়স থেকেই চুল পাকা শুরু করেছিল মাইকেলের। বিষয়টি অভিনেতা হিসেবে খুবই বিব্রতকর। আর তাই সিরিজের পর্বগুলোতে পাকা চুল ঢাকতে তিনি চুলের রঙ ব্যবহার করেছিলেন। কিন্তু সিমি ভ্যালির কড়া রোদ এবং অতিরিক্ত হেয়ার ডাইয়ের ব্যবহারের কারণে তার চুলের রঙ ল্যাভেন্ডার হয়ে যায়। ফলে কিছুদিনের জন্য সিরিজের শুটিং বন্ধ থাকে। এরপর প্রফেশনাল হেয়ার স্টাইলিস্টরা এসে তার চুলের সমস্যাগুলো সমাধানে সহায়তা করে।
অ্যালিসন আর্নগ্রিম উইগ পরেছিলেন: নেলি ওলেসন এর ভূমিকায় অভিনয় করা অ্যালিসন আর্নগ্রিমের অসাধারণ সোনালী কোঁকড়া চুল এখন স্মরণীয় হয়ে আছে। কিন্তু তার চুল বাস্তবে কোঁকড়া ছিলনা। ওল্ড ফ্যাশনের কার্লিং আয়রন দিয়ে দীর্ঘ সময় ধরে তার চুল কোঁকড়া করা হয়তো যা ছিল বেশ ঝামেলার। সেই কার্লিং আয়রনও আবার ওভেনে রেখে গরম করে নিতে হতো। এত ঝামেলার কারণে প্রডিউসাররা ভেবে দেখেন যে উইগ পরিয়ে শুটিং করানোই সহজ হবে। তবে সেই উইগ যেন খুলে না যায় সেজন্য অনেকগুলো পিন দিয়ে আটকে রাখা হতো। এমনকি পিনের খোঁচায় মাথার তালুও কেটে গেছে অনেকবার।
সিন পেন এর প্রথম অভিনয়: দুইবার একাডেমি অ্যাওয়ার্ড জেতা সিন পেনও কিন্তু এই সিরিজে ছিলেন। একটা ছোট্ট স্কুলের বাচ্চার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে মাত্র দুইটি পর্বে দেখা গেছে তাকে। এই চরিত্রে অভিনয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৩।
জুতা উঁচু করে নিয়েছিলেন ল্যানডন: মাইকেল ল্যানডন শুধু চুল রঙ করেছিলেন তা নয়। এই সিরিজের জন্য তিনি বুট এর সোলও উঁচু করে নিয়েছিলেন। ল্যানডন ছিলেন ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা। কিন্তু তিনি বাবার চরিত্রকে আরও বলিষ্ঠ ভাবে ফুটিয়ে তোলার জন্য লম্বা দেখাতে জুতা উঁচু করে নিয়েছিলেন।
ক্যারি আসলেই পড়ে গিয়েছিল: মাঠে দৌড়াতে গিয়ে ছোট্ট ক্যারির হুরমুরিয়ে পড়ে যাওয়ার দৃশ্যটির কথা মনে আছে? মজার এই দৃশ্যটি কিন্তু পরিকল্পিত ছিলনা। সিরিজের ওপেনিং এ দেখানো এই দৌড়ে মাঠ পার হওয়ার দৃশ্যটিতে ক্যারি ডান পায়ের জুতা বাম পায়ে আর বাম পায়ের জুতা ডান পায়ে পরেছিল। এই কারণে তার দৌড়াতে সমস্যা হচ্ছিল এবং সত্যি সত্যিই পড়ে গিয়েছিল ক্যারি। লাইফজেটি






