সিলেটে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে অভিযানের বোমা হামলায় গুরুতর আহত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হবে।
তার অবস্থা কিছুটা ভালো জানিয়ে র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হবে।
আহত অবস্থায় র্যাবের গোয়েন্দা প্রধানকে সিলেট থেকে ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় শিববাড়ি এলাকায় একটি বোমা বিস্ফোরিত হয়। এই বোমা বিস্ফোরণে আহত হন লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।
ওসমানী মেডিকেলের চিকিৎসক অন্তর দীপ নন্দী বলেন, তাকে মুমুর্ষূ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার সারা শরীরে স্প্লিন্টার ছিল। এখানকার চিকিৎসকরা বেশ কয়েকটি অস্ত্রোপচার করেছেন।কিন্তু তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়।
সেনাবাহিনীর নেতৃত্বে এবং পুলিশ ও সোয়াটের সহায়তায় চলা ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পর পৌনে সাতটার দিকে ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই ঘটনায় সাংবাদিকসহ ৩২ জন আহত হন। এরপর ৭টা ৫৫ মিনিটের দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বোমার বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হন।








