তৃতীয়বারের মতো উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছে মিয়ানমারের উচ্চ পর্যায়ের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের সাথে রয়েছেন আসিয়ানের আরও ৭ সদস্য।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ও অর্থনৈতিক বিভাগের মহাপরিচালক সিন আয়ে এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার পৌনে ২টার দিকে উখিয়ার কুতুপালংস্থ মধুর ছড়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন।
সেখানে পৌঁছার পর রোহিঙ্গাদের ৪৭ সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে বৈঠক শুরু করেন। যেখানে ৬ জন নারীও ছিলেন।
বৈঠকে বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদারসহ জেলা প্রশাসন, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে বিচার কার্যক্রম এবং সম্প্রতি সেনা প্রধানের মিয়ানমার সফরের আলোকে রোহিঙ্গাদের সাথে আলোচনা করতে মিয়ানমার ও আসিয়ানের প্রতিনিধি দলটি কক্সবাজার আসেন। মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার অনুরোধ নিয়ে এ দ্বিপক্ষীয় বৈঠক।
এ বৈঠক চলে বিকেল চারটা পর্যন্ত।
প্রতিনিধি দলটি আজ কক্সবাজার অবস্থান করবেন। আগামীকালও রোহিঙ্গাদের সাথে আরেক দফায় বৈঠক করার কথা রয়েছে।








