মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে আসা শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী তাদের সফরের শেষ দিনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুম্ব্রু নো-ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
রাখাইনে ধর্ষণের শিকার ৩ জন নারীর মুখে র্ববর নির্যাতনের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। এসময় আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরবেন বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করেন নোবেল বিজয়ী এই তিন নারী।
মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পর তারা যান তম্ব্রু নো-ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প। যেখানে প্রায় সাড়ে ৫ হাজার রোহিঙ্গা বসবাস করছে।
নোবেল বিজয়ীদের সঙ্গে থাকা নারী পক্ষের কর্মকর্তা শিরিন হক জানান, আজ সকালে নোবেলজয়ী তিন নারী তম্ব্রু নো-ম্যানস ল্যান্ড ক্যাম্পে পৌঁছে মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার ৩০ জন নারী শিশুর সাথে কথা বলেন, তার মধ্যে ধর্ষণের শিকার ৩ নারীর কেস ষ্টাডি নেন। সেখান থেকে একজনের শিশু সন্তান কে আগুনে ফেলে দেয়ার কথা শুনে কেঁদে ফেলেন তারা। এ লোমহর্ষক ঘটনা শুনে ৩ জনই এ ঘটনার নিন্দা জানিয়ে আর্ন্তজাতিক মহলকে এ নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানান।
এর আগে উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইংখালীর তাজনিমারখোলা ক্যাম্প পরিদর্শন করে ক্যাম্পের সার্বিক অবস্থান এবং রোহিঙ্গাদের জীবন যাপনের খোঁজ খবর নেন। এসময় ধর্ষিতা, গুলিবিদ্ধসহ অসংখ্য নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুর সাথে একান্ত আলাপ করেন তিন নোবেল বিজয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমান, উত্তর আয়ারল্যান্ডের মেরেইড ম্যাগুয়ার ও ইরানের শিরীন ইবাদি।
শান্তিতে নোবেল বিজয়ী ইরানের শিরীন ইবাদি বলেন, মিয়ানমারের রাখাইনে নির্যাতিত, নিপীড়িত রোহিঙ্গারা আজ বাংলাদেশে এসে পরবাসে জীবন-যাপন করছে। এসব সর্বশ্রান্ত রোহিঙ্গাদের জন্য অমুসলিম রাষ্ট্রগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক বিশ্বের হস্তক্ষেপ দাবি করছেন, সেখানে মুসলিম দেশগুলো চুপ মেরে আছে কেন।
এমুহূর্তে সমগ্র মুসলিম জাতিসত্তাকে রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখার আহবান জানান তিনি।
শান্তিতে নোবেল বিজয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমান বলেন, অং সান সুচি’র পদত্যাগ করা উচিত। সে যেহেতু শান্তিতে নোবেল বিজয়ী একজন নারী, পাশপাশি তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলর হিসেবে এর দায়ভার কোনভাবেই এড়াতে পারে না।
শান্তিতে নোবেল বিজয়ী উত্তর আয়ারল্যান্ডের মেরেইড ম্যাগুয়ার বলেন, রোহিঙ্গা নারীদের যেভাবে ধর্ষণ, উৎপীড়ন ও নির্যাতন করা হয়েছে এজন্য অং সান সু চি ও তার সরকারের বিরুদ্ধে আর্ন্তজাতিক আদালতে বিচার হওয়া উচিত। রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে স্বসম্মানে মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক বিশ্ব তথা সমগ্র জাতিকে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করার উদাত্ত আহবান জানান।
নোবেল বিজয়ী তিন নারী ৩ দিনের সফর শেষে মঙ্গলবার বিকেলে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে যাবেন। আগামীকাল বেলা ২ টায় ঢাকায় সোনারগাঁ হোটেলে তারা সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে নারী পক্ষ।






