দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গতকাল থেকে অনেক আলোচনা হয়েছে। সেই আলোচনা পাশ কাটিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম সিরিজে ফোকাস রাখতে চাচ্ছেন বলে জানিয়েছেন।
কলম্বোয় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আপনারা জানেন রিয়াদ ভাই দ্বিতীয় টেস্টে খেলছেন না। কিন্তু দলের সঙ্গে থাকবেন। ফর্মে না থাকলে কেউ বাদ পড়তেই পারেন। তার হয়তো খারাপ লাগতে পারে। তিনি একজন সিনিয়র ক্রিকেটার। কিন্তু কে খেললো, কে খেললো না তা ভেবে লাভ নেই। আমি না খেললেও দলকে সিরিজে ফেরার কথা ভাবতে হবে। এই মুহূর্তে আমরা ১-০ তে পিছিয়ে আছি সেটাই মূল বিষয়।’
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘রিয়াদকে দেশে ফেরত পাঠানো হবে।’ কয়েকঘণ্টা পর বিসিবি সভাপতি সংবাদ সম্মেলন ডেকে আবার উল্টো কথা বলেন। তিনি জানান, রিয়াদকে দেশে ফেরত পাঠানোর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
১৫ মার্চ থেকে কলম্বোয় শুরু হচ্ছে সফরের দ্বিতীয় টেস্ট। এটি আবার দেশের শততম টেস্ট ম্যাচ। মুশফিককেও সেই রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে, ‘এটা আমাদের জন্য ঐতিহাসিক মোমেন্ট। আমরা অবশ্যই চাইবো যেকোনোভাবে জয় পেতে।’
গলে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলেছিল। কলম্বোয় আসার পর থেকে উইকেট নিয়ে মুশফিকরা আলোচনা করছেন। এই টেস্টে বোলারদের কম্বিনেশন কেমন হবে তা খোলাসা করেননি অধিনায়ক। তবে উইকেট সম্পর্কে একটা ধারণা দিয়েছেন, ‘আমি এখানে একটি ম্যাচ খেলেছি। টিভিতে অন্যদের অনেক খেলা দেখেছি। সকালে এখানে পেসাররা সুবিধা পায়। উইকেটে বাউন্সও আছে। তবে যত দিন গড়াবে স্পিনাররা সুবিধা পাবে।’
গল টেস্টে বাংলাদেশ ২৫৯ রানে হেরে যায়। এই হারে মুশফিক হতাশ, ‘দায়টা আমাদেরই। খারাপ খেলেছি বলেই হেরেছি। দল হিসেবে আমরা যেমন, তার অর্ধেকও করতে পারিনি। সামনের ম্যাচটা যেন ভালো করতে পারি, সেই চেষ্টা থাকবে সবার।’







