ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে বিমানের একটি ভগ্নাংশ পাওয়া গেছে। সেইন্ট ডেনিস শহরের কিছুটা দক্ষিণে খুঁজে পাওয়া অংশটি বিমানের একটি দরজা বলে মনে করা হচ্ছে।
নতুন পাওয়া এ ধ্বংসাবশেষটির গায়ে কোনো কিছু লেখা এবং আঁকা থাকলেও তা স্পষ্ট করে এখনও বোঝা যায়নি।
গত বুধবার দ্বীপটির সেইন্ট আঁন্দ্রে সমুদ্র সৈকতে বিমানের ডানার একটি অংশ পাওয়া গিয়েছিলো, যাকে মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমান এম.এইচ. থ্রি সেভেন্টি’র অংশ বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করতে ওই টুকরোটিকে ফ্রান্সে নেয়া হয়েছে।
এর আগে একই সৈকতে একটি স্যুটকেসের কিছু অংশও পাওয়া গিয়েছিলো। সেগুলোও পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
বিমানের ভগ্নাংশগুলো পরীক্ষার কাজ আগামী বুধবার শুরু হবে।
গত বছরের মার্চে মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ট্রিপল সেভেন মডেলের বিমান এম.এইচ. থ্রি সেভেন্টি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ যাত্রী ও ক্রুসহ নিখোঁজ হয়ে যায়।






