যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ার আইনজীবীর সঙ্গে ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্পের বৈঠকে রাশিয়ার একজন সাবেক সেনা কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে শুক্রবার ওই সেনা কর্মকর্তা নিজেই এ বিষয়টি স্বীকার করেছেন।
বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, রাশিয়ান আইনজীবী ন্যাটালিয়া ভেসেলনিটস্কায়া সঙ্গে ট্রাম্পের পুত্রের ওই বৈঠকে উপস্থিত থাকা ওই সেনা কর্মকর্তার নাম নিত আখমেটশিন। ২০১৬ সালের জুন মাসের আলোচিত ওই বৈঠকে উপস্থিত থাকা রাশিয়ার ওই সাবেক সেনা কর্মকর্তা এখন আমেরিকা-রাশিয়ার লবিস্ট হিসেবে কাজ করছেন।
এনবিসির ওই প্রতিবেদনে অবশ্য রাশিয়ান এই সেনা কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি। তবুও যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা বিশ্বাস করেন, আখমেটশিনের সঙ্গে ক্রেমলিনের যোগাযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে তাদের এই মনোভাবের বিষয়টি উঠে এসেছে। তবে আখমেটশিন এ অভিযোগ অস্বীকার করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র দিমিত্রি পেসকভ আখমেটশিনকে চেনেন না বলে এপির কাছে দাবি করেছেন। ক্রেমলিনের সঙ্গে তার কোন যোগাযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
এই বৈঠকের কথা ডোনাল্ড ট্রাম্প জানতেন না বলে মাত্র দুইদিন আগেই ট্রাম্প জুনিয়র দাবি করেন। এ সংবাদের রেশ কাটতে না কাটতেই আলোচিত ওই বৈঠক নিয়ে নতুন তথ্য জানা যাচ্ছে।
ওই বৈঠকটিকে শুধুমাত্র ২০ মিনিট সময় ব্যয় উল্লেখ করে ট্রাম্প বলেন, ট্রাম্প জুনিয়রের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার আগ পর্যন্ত আমি ভুলেই গিয়েছিলাম।
তবে ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর সংক্ষিপ্ত বিবৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। বিবৃতিতে তিনি ছেলেকে ‘একজন উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি’ বলে বর্ণনা করেন এবং তার সততার প্রশংসা করেন।
এছাড়া ট্রাম্প জুনিয়রের আইনজীবী বলেছেন, ট্রাম্প জুনিয়র বৈঠকের সময় উপস্থিতিদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতেন না।







