ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। ১০ই নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এর আগে গত বুধবার প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার চিঠিতে রাষ্ট্রপতির সইয়ের পর বৃহস্পতিবার সব আনুষ্ঠানিকতা শেষে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
২ অক্টোবর শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে এক মাস ছুটির প্রয়োজন উল্লেখ করে ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
তার অবর্তমানে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথমে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিন তাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেয়া হলেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বর্ধিত ছুটিতে বিদেশে অবস্থানকালীন সময়ে অর্থাৎ ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অথবা পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত মো. আবদুল ওয়াহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।







