রাজশাহীতে বাসের চাপায় অন্য বাসের যাত্রী ফিরোজ নামের এক কলেজ ছাত্রের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিরোজ রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী-ঢাকা মহাসড়কে মহানগরীর কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফিরোজ বগুড়া থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাসে চড়ে রাজশাহী ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের জানালা দিয়ে ফিরোজের হাত বাইরে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লাগলে ফিরোজের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
বর্তমানে ফিরোজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান রামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. এনামুল হক।
আরএমপি অতিরিক্ত উপ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেছেন: জানালার বাইরে হাত থাকায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।







