মনসুর আহম্মেদ, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে পাহাড় ধসে বিচ্ছিন্ন হওয়া রাঙামাটি চট্টগ্রাম সড়কের ক্ষতিগ্রস্থ অংশ দ্রুত সংস্কার করে আগামী ৩ দিনের মধ্যে হালকা যানবাহন ও ১ মাসের মধ্যে ভারী যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের চীফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাঙামাটি চট্টগ্রাম সড়কে ১৪৫ টি পয়েন্টে পাহাড় ধসে রাস্তার যে ক্ষতি হয়েছে সেনাবাহিনীর ও সড়ক জনপথ বিভাগের সদস্যরা কাজ শুরু করছে। বৃষ্টিপাত না হলে এই কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানান তিনি।
জিওসি জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, রাঙামাটি চট্টগ্রাম সড়ক সহ অভ্যন্তরীন সড়ক গুলো দ্রুত চালু করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে এবং কাপ্তাই রাঙ্গামাটি নৌ পথে পানি, জ্বালানী তেল ও পণ্য পরিবহনসহ লোকজনের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার ও রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এলাকা ও রাস্তা পরিদর্শন করেন।







