৯৯৯ এ কল দিয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ‘ক্যাডেট কোচিং সেন্টার’ এর প্রধান শিক্ষক কাজী জামিল উদ্দীনকে (৪৩) আটক করে পুলিশ।
আজ শনিবার বিকেলে ছাত্রীর অভিভাবকের ফোন কলে ঢাকার মৌচাক মার্কেটের সন্নিকটে অবস্থিত এই আবাসিক কোচিং সেন্টার থেকে তাকে আটক করা হয়।
আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় ছাত্রীর অভিভাবক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তার এগার বছর বয়সী মেয়ে উক্ত কোচিং সেন্টারের ছাত্রী। ডিসেম্বর ২০২১ সালে তার মেয়েকে সেখানে ভর্তি করান। কয়েকদিন আগে তার মেয়ে বাসায় আসলে কোচিং সেন্টারে আর যাবে না বলে কান্নাকাটি করে।
এরপর তার স্ত্রী অন্য কয়েকজন অভিভাবকের সাথে কথা বললে কোচিং সেন্টারটির প্রধান শিক্ষক কর্তৃক তার মেয়েসহ আরও কয়েকজন ছাত্রীর যৌন নিপীড়নের বিষয়ে জানতে পারেন। এরপর তিনি আরো কয়েকজন অভিভাবকসহ কোচিং সেন্টারে গিয়ে আইনী সহায়তা চেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন।
কলটেকার কনষ্টেবল আকাশ নাথ তাৎক্ষণিকভাবে কলারের সাথে রমনা থানার ডিউটি অফিসারের যোগাযোগ করিয়ে দেয়। সংবাদ পেয়ে অবিলম্বে রমনা থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
পরে রমনা থানার এস আই মফিজুর জানান, তারা কোচিং সেন্টারের প্রধান শিক্ষক কাজী জামিল উদ্দীন (৪৩) কে আটক করে থানায় নিয়ে এসেছেন।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।








