যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো রাষ্ট্রের কথা বলা উচিত নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, আমাদের দেশীয় আইনে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে কোনো রাষ্ট্রের কথা বলা উচিত নয়।
শনিবার রাজধানীর ধানমণ্ডির বিলিয়া মিলনায়তনে আইন মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও তার ব্যবহার নিয়ে এক আলোচনা সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমার মনে হয় পাকিস্তান এখনো ঘুমের থেকে উঠে নাই।অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের কথা বল উচিত না, তাদের মুখ বন্ধ রাখাটা শ্রেয়। এবং তারা যদি তাদের ম্যাচিউরিটি দেখাতে না পারে তাহলে বিশ্ব তাদের নিন্দা করবে।
যে ত্রিদেশীয় চুক্তি নিয়ে এত কথা বলছে পাকিস্তান সেই চুক্তি নিয়ে কথা বলেন মন্ত্রী। আনিসুল হক বলেন, স্ট্যান্ডেড পাকিস্তানীদের ফেরত নিতে হবে, তারা সেইটা নেয় নাই। যেহেতু সেই চুক্তির শর্ত তারা পালন করে নাই সেজন্য এই চুক্তি কতোটুকু এখনও কার্যক্রর আছে সেটা নিয়ে প্রশ্ন আছে।
চুক্তি নিয়ে আইনী ব্যাখ্যা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ ।
তিনি বলেন, ৭৪ সালে যে ত্রিদেশীয় চুক্তি হয়েছিল তাতে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের কোনো রকমভাবে বিচার না করে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে আন্তর্জাতিক আইনেও সেই চুক্তিটি বাতিল বলে গণ্য হবে।
কারণ আন্তর্জাতিক প্রথাগত আইনে গণহত্যাকারী, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধীদের কোনো রাষ্ট্র কোনো ব্যক্তি কখনো ক্ষমা করতে পারে না।







