লিওনেল মেসি যদি ১৫ জুলাই লুঝনিকির বিজয়মঞ্চে শিরোপাটা উচিয়ে ধরেন, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আর্জেন্টিনা দলের প্রাণভোমরা এই মুহূর্তে বিশ্বকাপের যোগ্য দাবিদার দলকেই নেতৃত্ব দিচ্ছেন। তাকে সময়ের সেরার স্বীকৃতি দিতেও কার্পণ্য নেই বোদ্ধাদের। তাইতো রাশিয়া বিশ্বকাপের ট্রফি মেসির হাতে দেখতে চান জ্যামাইকান গতি তারকা উসাইন বোল্টও।
নিজেকে আর্জেন্টিনার বড় ভক্ত উল্লেখ করে কিংবদন্তি বোল্ট বলেছেন, ‘মেসি দুর্দান্ত খেলোয়াড়। তার হাতে এবারের বিশ্বকাপের ট্রফি দেখতে চাই আমি। গত আসরে আমার পছন্দের দলটি দুর্দান্ত ফুটবল খেলেছে। ফাইনালেও ভালো খেলেছে তারা। কিন্তু ভাগ্য সঙ্গে না থাকায় হারতে হয়েছে।’
‘এবারও ফাইনালে উঠবে আর্জেন্টিনা’ -জানিয়ে অলিম্পিকের আটবারের গোল্ড মেডেলিস্ট বোল্ট বলছেন, ‘তবে এবার আর শিরোপা হাতছাড়া করবে না মেসিরা। আমার মনে হয়, আমাদের ভালো সুযোগ রয়েছে। আমার মনে হয়, আর্জেন্টিনা এবারও ফাইনালে উঠবে এবং বিশ্বকাপ জিতবে।’
শনিবার নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ মিশন।








