করোনাভাইরাসের কারণে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আপাতত বন্ধ। কবে লিগ শুরু হবে সেটি নিয়ে অনিশ্চয়তা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড়দের মনে হতাশা খুব একটা নেই। ক্রিকেটাররা মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার যে সিদ্ধান্তই নেবে, সেটি হবে সকলের মঙ্গলের জন্য।
প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ মাঠে গড়ানোর পর স্থগিত করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের খেলা। তবে স্থবির হয়ে যায়নি শের-ই-বাংলা স্টেডিয়াম। একাডেমি মাঠে অনেক খেলোয়াড়ই আসছেন অনুশীলন করতে। বুধবার এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দল তারকা মনে করিয়ে দিলেন, জীবনের চেয়ে খেলা বড় নয়।
‘সবার আগে কিন্তু জীবন-মরণ। এর থেকে তো বড় কিছুই হতে পারে না। সেফটি ফার্স্ট, তারপর সবকিছু। যদি বাঁচতে পারি অবশ্যই আমরা ক্রিকেট খেলতে পারব। ক্রিকেট বোর্ড আছে, বাংলাদেশ সরকার আছে, তারা যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই সবার ভালোর জন্যই নেবেন। সবার নিরাপত্তার কথা চিন্তা করেই তারা সিদ্ধান্ত দেবেন।’
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর। থমকে গেছে দেশের ঘরোয়া ক্রিকেটও। বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের খেলা বন্ধ রাখতে। বিসিবি আপাতত স্থগিত করেছে ঢাকা লিগের দ্বিতীয় রাউন্ড। যেটি ১৮ ও ১৯ মার্চ হওয়ার কথা ছিল।







