দরকার ছিল ২০ রান। সাকিব আল হাসান করলেন ৩০। তাতেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ক্রিকেটার হিসেবে ৪ হাজার রান করার কীর্তি গড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ৫০ রান পেছনে থেকে এই কীর্তির খুব কাছেই আছেন তামিম ইকবাল।
রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামেন সাকিব। বাংলাদেশের সংগ্রহ তখন ৩ উইকেটে ৮৯।
মুশফিকুর রহিমের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি রেখে ফেরেন তিনি। সাকিবের ২৬ বলে ৩০ রানের ইনিংসটিতে ছিল ৪টি চারের মার।
ম্যাচে ৬২ রান করতে পারলে সাকিবের আগেই এই কীর্তি গড়তে পারতেন তামিম। কিন্তু রোস্টন চেসের বলে দেবেন্দ্র বিশুর হাতে ধরা পড়ার সময় মাত্র ১২ রান করে ফেরেন দেশসেরা ওপেনার। তাই মিরপুরে ৪ হাজার রান করতে তামিমকে চেয়ে থাকতে হবে পরের ম্যাচের দিকে।
পরের ম্যাচে ৫০ করতে পারলে আরেকটি কীর্তি গড়া হবে তামিমের। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ১২ হাজার রানের ক্লাবে নাম উঠবে তার। এই ক্লাবে ঢুকতে মাত্র ৪৭ রান দূরে আছেন বাঁহাতি ড্যাসিং ওপেনার।







