ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে দায়ের করা ৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।
সেই সঙ্গে তার বিরুদ্ধে ৭২টি মামলার কার্যক্রম কেনো অবৈধ ঘোষণা করা হবেনা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। আদালতে এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাগুলোর কার্যক্রম স্থগিত থাকবে।
মাহফুজ আনামের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।
৩ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে ৬৬ টি মামলায় চার সপ্তাহ করে আগাম জামিন পান মাহফুজ আনাম।
দেশের বিভিন্ন জেলা আদালত থেকে তিনি ১০ টি মামলায় জামিন পেয়েছেন। একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশের ৫৩ জেলায় মাহফুজ আনামের বিরুদ্ধে ৮৩ টি মামলা হয়। এর মধ্যে ১৭ টি মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।








