ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলাবাগানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর সঙ্গে মাশরাফী বিন মোর্ত্তজা অর্ধশতক হাঁকিয়ে আবাহনীকে ২১৭ রানের লড়াইয়ের স্কোর গড়ে দিয়েছেন।
কলাবাগান এদিন টস জিতে আবাহনীকে ব্যাটে পাঠায়। দ্বিতীয় ওভারে দলীয় চার রানের মাথায় বিদায় নেন সাইফ হাসান (০)। এরপর ৯৯ রানে পড়ে যায় তাদের ৫ উইকেট। তিন নম্বরে নামা শান্ত ৮৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলকে পথে রাখার চেষ্টা করেন। মিডল অর্ডারে মোসাদ্দেক হোসেন ৭৩ বলে করেন ৪০।
শেষদিকে মাশরাফী ছোট একটা ঝড় তুলে দলের স্কোর দুইশ পার করেন। ৫৪ বলে তিন চার ৫ ছয়ে ৬৭ রান করেন তিনি।
কলাবাগান ক্রীড়া চক্রের শাহাদাত হোসেন ৯ ওভারে ৪৭ রান দিয়ে দুই উইকেট নেন। দুটি করে পেয়েছেন আবুল হাসান এবং যতিন সাক্সেনাও। মুক্তার আলী নিয়েছেন তিনটি।









