পরিকল্পিত সরকার বিরোধী সমাবেশের আগে মালদ্বীপে ৩০ দিনের জরুরি আইন জারি করেছেন দেশটি প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। সন্দেহভাজনদের নির্বিচারে গ্রেফতার করতে নিরাপত্তাবাহিনীকে ব্যাপক ক্ষমতাও দিয়েছেন তিনি।
দেশটির প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমেক্রেটিকস পার্টি’র(এমডিপি) সমাবেশে করার নির্ধারিত সময়ের মাত্র দুই দিন আগে এই জরুরি অবস্থা জারি করা হলো।
প্রেসিডেন্টের মুখপাত্র মুয়াজ আলী এক টুইট বার্তায় বলেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ইয়ামিন দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।
সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এমডিপি’র নেতা মোহাম্মদ নাশিদকে গত মার্চেই কারাগারে পাঠানো হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই মালদ্বীপের রাজনীতিতে টালমাতাল অবস্থা চলছে। প্রেসিডেন্টকে হত্যার ক্ষেত্র তৈরির অভিযোগে দেশটির ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
এর আগে জাতিসংঘ অধিবেশন থেকে ফেরার পর বিমানবন্দরে একটি নৌকায় বোমা হামলায় সামান্য আহত হন প্রেসিডেন্ট ইয়ামিন।






