মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত আনসার আল ইসলামের ‘অপারেশনাল টিমের’ প্রশিক্ষক জঙ্গি মো. ইউনুস ওরফে আসাদুল্লাহকে (২৭) আটক করছে র্যাব-৩।
রোববার রাতে রাজধানীর জুরাইন এলাকায় আনসার আল ইসলামের একটি অপারেশনাল সেল আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির পরিকল্পনার উদ্দেশে গোপনে নিয়মিত বৈঠকে মিলিত হচ্ছে জনাতে পেরে অভিযান পরিচালনা করে ইউনুসকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো ছুরিসহ ছয়টি উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) মো. এমরানুল হাসান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।
তিনি বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য ইউনুস। আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা জসীমুদ্দিন রাহমানীর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে সে জসীমুদ্দিন রাহমানীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কর্মরত ছিল।
২০১৩ সালে জসীমুদ্দিন রাহমানী গ্রেপ্তার হলে সে গোপনে জুরাইন এলাকায় আনসার আল ইসলামের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তিনি আরো বলেন, ইউনুস নিজে ও ঘনিষ্ঠ সহযোগিদের মাধ্যমে জুরাইন কেন্দ্রিক টিম হিসেবে নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য নিজেদের শক্তি ও সামর্থ্য অর্জনের জন্য অপারেশনাল ট্রেনিং গ্রহণ করে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও তার টিমের মাস্টার ট্রেইনার। তারা তাদের সংগঠন পরিচালনার জন্য প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী মাসিক চাঁদা দিয়ে আসছে।
এছাড়াও তারা প্রতি ঈদে অসহায় দরিদ্র মানুষকে দান করার কথা বলে যাকাতের টাকা সংগ্রহ করে সংগঠনের কাজে ব্যয় করে। মূলত নতুন সদস্যদের শারীরিক সক্ষমতা অর্জন ও ধারালো অস্ত্রের মাধ্যমে নীরব হত্যা কাণ্ড সংগঠনের প্রশিক্ষণ প্রদান করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
সে আরোও জানায় যে, দাওয়াতি কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করার জন্য তারা বিভিন্ন খাতে অর্থ সংগ্রহ ও ব্যয় করে থাকে।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।








