গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল- এমন অভিযোগের তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল কমিটি।
কংগ্রেসের গোয়েন্দা প্যানেলের ওই তদন্তে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎকালীন নির্বাচনী প্রচারণার সঙ্গে মস্কোর সংযোগ খতিয়ে দেখা হবে বলে নিশ্চিত করেছেন প্যানেলের সদস্যরা।
বিবিসি জানায়, এই গোয়েন্দা কমিটি বেশ কয়েক বছর ধরেই রাশিয়ার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্ত চালিয়ে আসছে। এবারের বিষয়টি নিয়ে কমিটি বলেছে, রাশিয়া বিষয়ক অনুসন্ধানের পরিসর আরও বাড়ানো হবে এবং নির্বাচনের সময় রাশিয়ার সম্পৃক্ততা ছিল কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে চেষ্টার কোনো ত্রুটি করা হবে না।
তবে নির্বাচনী প্রচারণার সময় কোনো ধরণের অনুচিত কর্মকাণ্ড হয়নি বলে এখনো দাবি করছে হোয়াইট হাউজ। অন্যদিকে বিচার বিভাগ নিশ্চিত করে বলেছে, নতুন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস নির্বাচনী প্রচারণা চলাকালে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে নিয়মিত কথা বলতেন।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং সিনেট গোয়েন্দা কমিটিও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অনুপ্রবেশের দাবিগুলো যাচাই করছে।
রাশিয়া অবশ্য প্রথম থেকেই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে এসেছে।







