আসন্ন ঈদের খুশী আর আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় সে মানুষ না।
ডিএমপি কমিশনার সোমবার দুপুরে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টার ও হাইকোর্ট মাজার গেইটের সামনে দুঃস্থদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
আসাদুজ্জামান মিয়া বলেন: আমরা নিজেদের বেতনের টাকায় আপনাদের জন্য ঈদের নতুন কাপড় নিয়ে এসেছি। আমার সন্তান ও পরিবার ঈদে নতুন কাপড় পড়বে আর এসব অসহায় মানুষ ঈদে নতুন কাপড় পড়বে না এটা হবে না। ঈদের খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় সে মানুষ না।
বস্ত্র বিতরণকালে ডিএমপি কমিশনার বলেন: আপনাদের ভালো রাখার জন্য বাংলাদেশ পুলিশ রাতদিন ২৪ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছে। আমরা ডিএমপি’র কার্যক্রম আরো বেগবান করেছি। ঢাকা মহানগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান-মলম পার্টি নাই বললেই চলে। সব জায়গায় সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ এদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন: আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনাদের সেবা করে যাচ্ছি। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। জননিরাপত্তার জন্য হুমকি যে কোন বিষয় আমরা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করবো।
ডিএমপির পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মোট এক হাজার নয়শত পিস (শাড়ি, লুঙ্গি ও ছোট বাচ্চাদের পোশাক) ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ও মতিঝিল বিভাগ ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শাহাব উদ্দিন কোরেশীসহ উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।








