‘হোম অ্যালোন’ ছবিতে বুদ্ধি খাটিয়ে একের পর এক অপরাধীদের নাস্তানাবুদ করা ম্যাকলি কালকিনকে মনে আছে? অনেকদিন ধরেই এই তারকাকে আর জনসম্মুখে দেখা যাচ্ছে না। হঠাৎ কোথায় হারিয়ে গেলেন, সেটা নিয়েই কৌতুহল অনেকের।
সম্প্রতি তাকে দেখা গেছে মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসনের সঙ্গে। তবে তাদের বন্ধুত্বটা কিন্তু অনেক আগে থেকেই। স্বয়ং মাইকেল জ্যাকসন নাকি ম্যাকলি কালকিনের অভিনয় দেখে অসম বন্ধুত্ব পাতিয়েছিলেন তার সঙ্গে। তাই ম্যাকলি কালকিনের যাওয়া আসা ছিল জ্যাকসনের বাড়িতে। প্যারিস তখন অনেক ছোট।
প্রায় ২২ বছরের ব্যবধানের বড় এই পপ তারকা জ্যাকসনের সঙ্গে হোম অ্যালোন তারকার সম্পর্কটা অনেকেই ভালো ভাবে নেয়নি। ১৯৯৮ সালে প্যারিসের জন্মের পর মাইকেল জ্যাকসন নাকি কালকিনকে প্যারিসের গডফাদার হতে বলেছিলেন। কিন্তু ১৭ বছর বয়সের ব্যবধান থাকলেও প্যারিস কালকিনের সঙ্গে বন্ধুর মতোই ঘুরে।
৩৬ বছর বয়সী কালকিন মাদকাসক্ত হওয়ায় এতদিন সবার অন্তরালেই ছিলেন। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সুপারশপে তাঁকে দেখা গেছে ছোট করে ছাঁটা চুল ও ক্লিন শেভড অবস্থায়। পরনের পোশাকও পরিপাটি। অনেক ভক্তই ভাবছে আবারও কি কালকিন বড় পর্দায় দেখা যাবে? ই-নিউজ।








