সিলেট থেকে: হ্যাটট্রিক জয়ের আশায় মাঠে নেমে দুর্দান্ত শুরু করেছে ঘরের দল সিলেট সিক্সার্স। উপচে পড়া গ্যালারির দর্শকদের উচ্ছ্বাসের সীমা নেই। সঙ্গে ক্রিকেট তরঙ্গে সুর মেলাতে তর সইছে না সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে থাকা ক্রিকেটপাগল মানুষেরও।
নিজ দলের ম্যাচ দেখতে স্থানীয়দের এতটাই উৎসাহ যে টিকিট ছাড়াই স্টেডিয়াম গেট টপকানোর চেষ্টাও করছেন অনেকে। বিশৃঙ্খলা এড়াতে তৎপর প্রশাসনের দায়িত্বরতরা। পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন। দর্শকদের শান্ত করতে যেয়ে হামলায় আহত হয়েছেন বিসিবির নিরাপত্তা সদস্য জামাল উদ্দিন।

সিলেট সিক্সার্স তাদের প্রথম দুই ম্যাচ খেলেছে দিনের আলোতে। রাজশাহী কিংসের সঙ্গে তৃতীয় ম্যাচটি রাতে হওয়ায় উৎসুক মানুষের ঢল লাক্কাতুরায়। এরইমধ্যে দর্শকে পূর্ণ হয়ে গেছে ১৮ হাজার ধারণ ক্ষমতার গ্যালারি। একই সময়ে স্টেডিয়ামের বাইরে হাজারও দর্শক অপেক্ষায়। তদেরই অতি উৎসাহীরা চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টির।









