এস্পানিওলের কাছে হেরে ভুলতে বসা পরাজয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা। বুধবার রাতে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরে মাঠ ছেড়েছে ভালভার্দের দল।
নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে হেরে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেল কাতালান ক্লাবটি। গত আগস্টে স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে সবশেষ হারের মুখ দেখেছিল বার্সা।
শুরুর একাদশে ছিলেন না লুইস সুয়ারেজ। লিওনেল মেসি জ্বলতে পারেননি। বার্সেলোনার আক্রমণভাগের অনুজ্জ্বলতাই কড়া মূল্যে শোধ করতে হয়েছে।
ম্যাচের ৪৪ মিনিটে ডেনিস সুয়ারেজ সুযোগ কাজে লাগাতে পারেননি। বিরতির পর ৬০ মিনিটে সুয়ারেজকে মাঠে পাঠিয়েও নিস্তার পাননি ভালভার্দে।
পরে ৬৩ মিনিটে স্পটকিক লক্ষ্যে রাখতে পারেননি মেসি। সার্জিও রবের্তো ফাউলের শিকার হলে পাওয়া পেনাল্টি আর্জেন্টাইন অধিনায়ক গোলে রূপ দিতে পারেননি।
স্বাগতিকরা জাল বাঁচানোর পাশাপাশি আক্রমণেও গেছে। ৮৮ মিনিটে তারই ফল আসে নাভারোর বাড়ানো বলে অস্কার মেলেন্ডো জয়সূচক একমাত্র গোলটি করলে।
কোপা ডেল রের সেমিফাইনালের টিকিট কাটতে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে আগামী সপ্তাহে ফিরতি লেগে ন্যু ক্যাম্পে জ্বলতে হবে আপন মহিমায়।








