দিল্লিতে যখন ভারত মুখোমুখি নিউজিল্যান্ডের। তখন এই ম্যাচে কোহলিদের জয় কামনা করছে পাকিস্তান। এটাও সম্ভব? উত্তর হ্যাঁ। নিজেদের স্বার্থেই যে এদিন চিরপ্রতিদ্বন্দ্বীদের জয় প্রার্থনা করেছে পাকিস্তানিরা এবং ম্যাচ শেষে তারা হাসছেও।
ভারত জিতলেই পাকিস্তান উঠে যাবে টি-টুয়েন্টি র্যাংঙ্কিংয়ের শীর্ষে। এমন হিসেবের ম্যাচে পাকিস্তানের প্রার্থনা শেষ পর্যন্ত কাজে লেগেছে। ভারত হারিয়েছে কিউইদের।
প্রথম টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যায় পাকিস্তান। প্রথমবারের মতো ছোট ফরমেটে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল সরফরাজের দল।
আশিষ নেহেরার বিদায়ী ম্যাচে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ১৫৮ রানের রেকর্ড জুটির ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারায় ভারত। ফলে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। এছাড়া টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেল ভারত।
ভারতের কাছে হেরে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারায় নিউজিল্যান্ড। তাতে পাকিস্তান উঠে যায় শীর্ষে, নিউজিল্যান্ড নেমে গেছে দুই নম্বরে। কিউইদের পয়েন্ট এখন ১২১, পাকিস্তানের ১২৪। ভারতের অবস্থানের (পঞ্চম) পরিবর্তন না হলেও ২ পয়েন্ট বেড়ে হয়েছে ১১৮।
সিরিজের এখনও দুই ম্যাচ বাকি। তাই শীর্ষস্থানটা ফিরে পাওয়ার সুযোগ থাকছে নিউজিল্যান্ডের সামনে। ভারতীয়দের বিপক্ষে সিরিজ জিততে পারলেই আবার চূড়ায় উঠবে ক্রিকেটের জেন্টলম্যানরা।








