কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’। ২০ মে প্যারিস ওপেন এয়ার সিনেমা ইভেন্ট অনুষ্ঠানে ছবিটি দেখানো হয়। এ সময় দর্শকদের কাছে ছবিটি নিয়ে বলেন ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করা ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি বলেন, ‘আমরা এখানে শুধু শিল্পী হিসেবে উপস্থিত হইনি, এসেছি ভারতীয় ছবির প্রতিনিধি হিসেবে।’ প্রদর্শনী শেষে তিনি দর্শকদের ধন্যবাদ জানান।
এই আয়োজনে পুরোপুরি ভারতীয় সাজে সেজেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গাঢ় নীল রঙের পোশাকে জমকালো সোনালী কাজ করা পোশাকে আকর্ষণীয় দেখাচ্ছিল সাবেক এই বিশ্ব সুন্দরীকে।
ঐশ্বরিয়া রাই বচ্চন প্রথম কানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন ২০০২ সালে ‘দেবদাস’ ছবির মাধ্যমে।। মার্টিনেজ সৈকতে ‘দেবদাস’ ছবির ওপেন এয়ার শো হয়েছিল। আবারও কানে ঐশ্বরিয়ার সঙ্গী হয়েছে ‘দেবদাস’ ছবিটি। তাই এই আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ‘দেবদাস’ ছবির পার্বতী।
এর আগে আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার শুভেচ্ছা দূত হয়ে ১৯ ও ২০ তারিখ লাল গালিচা মাতিয়েছেন ঐশ্বরিয়া। দু দিনই রূপকথার রাজকন্যার মতো রাজকীয় পোশাকে হেঁটেছেন ঐশ্বরিয়া। তার সাজ-পোশাক খুব প্রশংসিত হয়েছে এবার কানে। ডেকান ক্রনিকল।








