ক্রিকেটের সূচনাকারী এবং টেস্ট ক্রিকেটে অভিজাত ইংল্যান্ডকে টেস্ট ম্যাচে প্রথমবারের মতো পরাজিত করার ঐতিহাসিক দিনে আলোচনায় সরব বিবিসি, গার্ডিয়ান, ইন্ডিপেনডেন্টসহ ইংল্যান্ডের শীর্ষ গণমাধ্যমগুলো। ইংলিশ মিডিয়ায় প্রাধান্য পেয়েছে ইংল্যান্ডের ব্যাটিং ধস এবং বাংলাদেশ ও মেহেদি হাসান মিরাজের গড়া নতুন ইতিহাস।
ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম বিবিসি স্পোর্ট শিরোনাম করেছে,‘ ইংল্যান্ডের ব্যাটিং লাইনে ধস নামিয়ে বাংলাদেশের জয়’। প্রায় একই শিরোনাম করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।

বিবিসি স্পোর্টের বিস্তারিত খবরে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের কন্ডিশনে ইংল্যান্ডের ব্যাটিং ধস। চা বিরতির পর মাত্র ৬৪ রান তুলতে গিয়ে ১০ উইকেট হারানো ইংল্যান্ডের জন্য ‘মিরাজ’ আতঙ্কের দিকটি আলাদাভাবে গুরুত্ব পেয়েছে।
প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর শিরোনাম হচ্ছে, ‘টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ’।

গার্ডিয়ানের বিস্তারিত প্রতিবেদনে প্রাধান্য পেয়েছে শূন্য উইকেটে শত রান তোলা ইংল্যান্ডের ৬৪ রানে ১০ উইকেট হারানো প্রসঙ্গ। বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের নায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজকে ‘হিরো’ সম্বোধন করতে একটুও কার্পণ্য করেনি গার্ডিয়ান।
দ্য টেলিগ্রাফ-এর শিরোনাম কিছুটা ভিন্ন রকম। গণমাধ্যমটি শিরোনাম করেছে, ‘টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক পরাজয় ঠেকাতে যুদ্ধ করেছে ইংল্যান্ড’।
আজকের জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজকে নিয়েই শিরোনাম করেছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল অনলাইন। লেখা হয়েছে,‘ মেহেদি হাসান মিরাজদের হাতে অ্যালিস্টার কুকরা ধসে পড়ায় বাংলাদেশের ঐতিহাসিক জয়’।
প্রায় সব ইংলিশ মিডিয়ার মতো একই ধাচের শিরোনাম থেকে সরে চিরাচরিত নাকউঁচু ব্রিটিশ ভঙ্গির শিরোনাম করেছে ট্যাবলয়েড মিরর। শিরোনাম লেখা হয়েছে ,‘ব্যাটিং লাইনের শোচনীয় ধসে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্টে হারলো ইংল্যান্ড’।
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মিরাজ-সাকিব ম্যাজিকে এক সেশনেই বাজিমাত করে বাংলাদেশ। মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ১০৮ রানের বিশাল জয় তুলে নেয় টিম টাইগার্স। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬ টি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। সাকিব নেন ৪ টি উইকেট।
এর আগে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেও আজকের জয় বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ টেস্ট ক্রিকেটে এ সময়ের অন্যতম সেরা দলকে হারিয়েছে বাংলাদেশ।
অভিষেকের দুই টেস্টে সিরিজে ১৯ উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড করেছেন মেহেদি হাসান মিরাজ। এর আগের রেকর্ডটি একশ বছরেরও বেশি পুরনো। অজি ক্রিকেটার জন জেমস ফেরিস অভিষেকের দুই টেস্টে তুলে নিয়েছিলেন ১৮টি উইকেট।








