বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি ফিসহ মোট ১৯ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করে সরকারের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে এই রুল জারি করেন।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচারর্য, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, কলেজের পরিচালনা পর্ষদকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রুল জারির পর তিনি জানান, ২০১৪ সালের ২৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১ম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির ফি সরকার নিম্নরূপভাবে নির্ধারণ করেছেন। ১. ভর্তি ফি-১৩ লাখ ৯০ হাজার টাকা। ২. ইন্টানি ভাতা এক লাখ ২০ হাজার। ৩. টিউশন ফি চার লাখ ৮০ হাজার টাকা। সর্বমোট ১৯ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে ১৫ লাখ ৭০ হাজার টাকা ভর্তির সময়ই নেয়া হয়।
ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভর্তির সময় জমাকৃত ইন্টানি ভাতা এক লাখ ২০ হাজার টাকা ইন্টার্নশীপ চলাকলীন সময়ে লভ্যাংশসহ ছাত্র ছাত্রীদের ফেরত দিতে হবে।
“এমন অবস্থায় জারি করা ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করি।”






