পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ক্যান্টিনে গরুর মাংস দিয়ে তৈরি খাবার বিতরণের দায়ে ক্যান্টিনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এবার বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সেই ক্যান্টিনের পরিচালক জাকিরকে।
বিশ্ববিদ্যালয়ে চাকরি করেও বিধিবহির্ভূতভাবে ক্যান্টিন পরিচালনা করায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী জাকির চারুকলা সংলগ্ন কবি কাজী নজরুল ইসলামের সমাধি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।
প্রক্টর বলেন, চাকরিরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কোন কর্মচারীর অন্য কোন কাজ করা বিধিবহির্ভূত। কিন্তু কর্তৃপক্ষের অগোচরেই সে ক্যান্টিন পরিচালনা করে আসছিলো। বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আসায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
পয়লা বৈশাখে গরুর মাংস দিয়ে তৈরি খাবার হিন্দু শিক্ষার্থীদের মধ্যে বিতরণে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
গত ১৭ এপ্রিল গঠিত এ কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
চারুকলার কারুশিল্প বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ মোল্লাকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান মলয় বালা এবং সহকারী প্রক্টর ও মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম।








