বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটি তৃতীয় দিনেও বৃষ্টির বাধায় সাময়িক বন্ধ থাকার পর বেলা ১টা ৫০ মিনিটে খেলা আবারো শুরু হয়েছে। মধ্যাহ্ন বিরতি চলাকালে বেলা সোয়া ১২ টার দিকে শুরু হওয়া বৃষ্টির ফলে প্রায় একঘন্টার মতো খেলা বন্ধ থাকে।
সাকিব আল হাসানের চতুর্থ শিকার হয়ে শতক থেকে মাত্র ২ রান দূরে থেকে ফিরে গেলেন অজিঙ্কা রাহানে। ১০৩ বলে ৯৮ রান করা রাহানে সাকিবের বলে বোল্ড হয়ে ফিরে যান। ভারতের পক্ষে এখন ব্যাট করতে মাঠে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং হরভজন সিং।
এর আগে ঋদ্ধিমান সাহা ব্যক্তিগত ৬ রান করে জুবায়ের হোসেইনের বলে বোল্ড হয়ে ফিরে যান। ১৫০ রান করা মুরালি বিজয়কে এলবিডাব্লিউ’ এর ফাদে ফেলে নিজের তৃতীয় শিকার লাভ করেন সাকিব আল হাসান।
মধ্যাহ্ন বিরতির আগে তৃতীয় দিনে সফলতার মুখ দেখা টাইগার বোলারদের আবার দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছিলো অজিঙ্কা রাহানে এবং মুরালি বিজয়ের চতুর্থ উইকেট জুটি। এর আগে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ২২ বলে ১৪ রান করে জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে ফিরে যান। উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং রহিত শর্মার উইকেট শিকার করেন সাকিব আল হাসান।
সাকিবের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে শিখর ধাওয়ান ১৯৫ বলে ১৭৩ রানের ইনিংস খেলেন। রহিত ৯ বলে ৬ রান করে সাকিবের বলে বোল্ড হন।
ভারতের পক্ষে শিখর ধাওয়ান এবং মুরালি বিজয় ২৮৩ রান করে উদ্বোধনী জুটির রেকর্ডে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহ করেন। উদ্বোধনে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড জুটিও এ দুজনের। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৯ রান করেন তারা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), শুভাগত হোম, জুবায়ের হোসেইন, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহিদ।
ভারত একাদশ: শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রহিত শর্মা, বিরাট কোহলি ( অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ জাদাব, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন।







