ভারতের কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো’তে হামলার পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য ভাঙার ঘটনায় তৃণমূল কংগ্রেসের ‘গুণ্ডা’ সমর্থকদেরকে দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে মোদি কথা দিয়েছেন, এবারের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ঠিক আগের জায়গায়ই নতুন করে আরও বড়, আরও জাঁকজমক ভাস্কর্য নির্মাণ করিয়ে দেবেন তিনি।
অমিত শাহের রোড শো’তে হামলার পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য ভাঙার ঘটনায় পরস্পরকে দুষছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। ১৯ শতকের সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই ভাস্কর্যের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের ঐতিহাসিক আবেগ-অনুভূতি জড়িত।
এ ঘটনাকে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা বিরাজ করছে কলকাতায়। এরই মধ্যে অমিত শাহ সহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মাউয়ে এক নির্বাচনী সভায় এ প্রসঙ্গে মোদি বলেন, ‘আমরা দেখেছি কলকাতায় ভাই অমিত শাহর রোডশোতে তৃণমূল কংগ্রেস কর্মীদের বর্বরতা। তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাস্কর্য ভাংচুর করেছে। এ ধরনের লোকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।’
‘আমরা বিদ্যাসাগরের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং ঠিক একই জায়গায় তার পঞ্চধাতুর তৈরি বিশাল ভাস্কর্য স্থাপন করব।,’ বলেন তিনি।
মোদির এ ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ক্ষুব্ধভাষায় টুইট করেছেন তৃণমূলের অন্যতম সিনিয়র নেতা ডেরেক ও’ব্রায়েন। টুইটবার্তায় মোদিকে ‘প্যাথলজিক্যাল লায়ার’ (সত্যের মতোই অনর্গল মিথ্যা বলে যাওয়া ব্যক্তি) এবং ‘নীচ’ বলে তিরস্কার করেন তিনি।
Modi. You pathological liar.#LowLife https://t.co/efmvXxtWuO
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) May 16, 2019
বুধবার অমিত শাহ সংবাদ সম্মেলন করে বলেছিলেন, মঙ্গলবারের রোড শো’তে হামলা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি ভাস্কর্য গুঁড়িয়ে দেয় তৃণমূল সমর্থকরা। এমন বিশৃঙ্খলা ঘটিয়ে লোকসভা নির্বাচনে একটা ইমেজ তৈরি করতে চেয়েছেন তৃণমূল নেতা মমতা ব্যানার্জি।







